|
সূচিপত্র |
চিরায়ত ছড়া ও কবিতা |
||
|
==========
|
অতুলপ্রসাদ সেন মোদের গরব, মোদের আশা
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা! কি যাদু বাংলা গানে!- গান গেয়ে দাঁড় মাঝি টানে, এমন কোথা আর আছে গো! গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।। ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা, মরি হায়, হায় রে! আছে কই এমন ভাষা, এমন দুঃখ-শ্রান্তি-নাশা! বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন- আরও কত মধুপ গো! ঐ ফুলেরি মধুর রসে, বাঁধলো সুখে মধুর বাসা।। বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগৎ জিনে- গরব কোথায় রাখি গো! তোমার চরণ-তীর্থে আজি, জগৎ করে যাওয়া-আসা ওই ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে 'মা', 'মা' বলে; ওই ভাষাতেই বলবো 'হরি', সাঙ্গ হলে কাঁদা-হাসা।।
|
||