|
সূচিপত্র |
চিরায়ত ছড়া ও কবিতা |
||
|
==========
|
কাজী নজরুল ইসলাম শিশু যাদুকর
পার হয়ে কত নদী কত সে সাগর এই পারে এলি তুই শিশু যাদুকর! কোন রূপ-লোকে ছিলি রূপকথা তুই, রূপ ধরে এলি এই মমতার ভুঁই।
নবনীতে সুকোমল লাবণি লয়ে এলি কে রে অবনীতে দিগ্বিজয়ে। কত সে তিমির-নদী পারায়ে এলি- নির্মল নভে তুই চাঁদ পহেলি।
আমরার প্রজাপতি অন্যমনে উড়ে এলি দূর কান্তার-কাননে। পাখা ভরা মাখা তোর ফুল-ধরা ফাঁদ, ঠোঁটে আলো চোখে কালো-কলঙ্কী চাঁদ! কালো দিয়ে করি তোর আলো উজ্জ্বল- কপালেতে টিপ দিয়ে নয়নে কাজল।
তারা-যুঁই এই ভুঁই আসিলি যবে, একটি তারা কি কম পড়িল নভে? বনে কি পড়িল কম একটি কুসুম? ধরণীর কোলে এলি একরাশ চুম।
স্বরগের সব-কিছু চুরি করে, চোর, পলাইয়া এলি এই পৃথিবীর ক্রোড়! তোর নামে রহিল রে মোর স্মৃতিটুক, তোর মাঝে রহিলাম আমি জাগরুক।
|
||