|
সূচিপত্র |
চিরায়ত ছড়া ও কবিতা |
||
|
==========
|
প্রতিদান জসীমউদদীন আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী- পথে পথে আমি ফিরি তার লাগি, দিঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর; আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।
আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি, যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান, কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,- আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখখানি, কত ঠাঁই হতে কত কীযে আনি সাজাই নিরন্তর- আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
|
||